আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বিকৃত শিক্ষাব্যবস্থা চালু হয়েছিল। তিনি বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে প্রজন্মকে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি।’
রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের সাড়ে ৩ বছরের মাথায় বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে। পঁচাত্তর পরবর্তী আমাদের প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। দেশে একটি বিকৃত শিক্ষাব্যবস্থা, অস্থির সামাজিকতা, লুটেরা অর্থনীতি ও দুর্নীতিবাজ সমাজ ব্যবস্থা তৈরি করেছিল জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার হাত ধরে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের মানুষ সত্য ইতিহাস ও মুক্তিযুদ্ধকে জানছে, বঙ্গবন্ধুর আদর্শ জানছে এবং জীবন থেকে শিক্ষা নিচ্ছে। বাংলাদেশ পৃথিবীতে একটি সম্ভাবনার নাম। বাংলাদেশ একটি রোলমডেলের নাম।’
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।